সাক্ষাৎকার: শিক্ষক দিবসে একজন লেখকের ভাবনা
সাংবাদিক: শিক্ষক দিবসে আপনাকে শুভেচ্ছা। একজন লেখক হিসেবে শিক্ষকদের প্রতি আপনার চাওয়া-পাওয়া ও প্রত্যাশা কী?
লেখক: ধন্যবাদ। প্রথমে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই শিক্ষক দিবসে সকল শিক্ষক মহোদয় /মহোদয়া কে এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষক গুরু কে। একজন লেখক হিসেবে শিক্ষকদের প্রতি আমার অনেক উচ্চাশা রয়েছে। আমাদের শিক্ষকেরা শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষা দেন না, তারা ভবিষ্যৎ নির্মাতা। আমার চাওয়া হলো শিক্ষকেরা শুধু ছাত্রদের পরীক্ষায় ভালো ফলের জন্য গড়ে তুলবেন না, বরং তাদের নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতাকে উদ্বুদ্ধ করবেন। শিক্ষকদের উচিত ছাত্রদের মধ্যে ভাবনার গভীরতা সৃষ্টি করা, যাতে তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানের আলো ছড়াতে পারে।
সাংবাদিক: একজন লেখক হিসেবে আপনার শিক্ষা জীবনে শিক্ষকদের ভূমিকা কীভাবে আপনাকে প্রভাবিত করেছে?
লেখক: আমার শিক্ষা জীবনে কিছু শিক্ষকের প্রভাব অনেক গভীর। তারা আমাকে কেবল পড়াশোনায় নয়, জীবনের বাস্তব শিক্ষাও দিয়েছেন। এক শিক্ষক আমাকে বলেছিলেন, “জ্ঞান অর্জনের কোনো শেষ নেই, তুমি যদি সৃজনশীল হতে চাও তবে সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করবে।” সেই কথাটি আমার লেখনীতে অনুপ্রেরণা দেয়। তারা কেবল বইয়ের পাঠই নয়, বাস্তবতার শিক্ষা দিয়েছেন — যা একজন লেখকের জন্য খুবই প্রয়োজন।
সাংবাদিক: বর্তমান শিক্ষা ব্যবস্থার ভালো এবং মন্দ দিকগুলো কীভাবে দেখেন?
লেখক: বর্তমান শিক্ষা ব্যবস্থার ভালো দিক হলো প্রযুক্তির সঙ্গে শিক্ষার সমন্বয়। ডিজিটাল মাধ্যমের কারণে শিক্ষার্থীরা এখন দ্রুত এবং সহজে জ্ঞান লাভ করতে পারছে। এটি একটি বড় অর্জন। কিন্তু পাশাপাশি কিছু মন্দ দিকও রয়েছে। বর্তমান সময়ে শিক্ষার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে পরীক্ষায় ভালো ফলাফল করা, যা আসল শিক্ষার চেয়ে অনেকাংশে দূরে নিয়ে যাচ্ছে। সৃজনশীলতা এবং বিশ্লেষণী দক্ষতার চর্চা কমে যাচ্ছে। আমি আশা করি, আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের স্বতন্ত্র চিন্তা এবং সৃজনশীলতার বিকাশের জন্য বেশি গুরুত্ব দেওয়া হবে।
সাংবাদিক: শিক্ষকদের জন্য আপনার পরামর্শ কী?
লেখক: আমার পরামর্শ দেওয়ার মতো অহংকার নেই তবে হ্যা, কিছু আলোচনা করতে পারি, ছাত্রদের শুধু পরীক্ষার জন্য প্রস্তুত করা নয়, বরং তাদেরকে স্বাধীন চিন্তাবিদ হতে শেখানো। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের উৎসাহিত করা যাতে তারা পড়াশোনার বাইরেও নিজেদের আগ্রহগুলো অনুসরণ করতে পারে। প্রযুক্তির ব্যবহারে দক্ষ হওয়ার পাশাপাশি শিক্ষকদের মানসিকতা আরও উদার হওয়া উচিত, যাতে তারা নতুন প্রজন্মকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারেন। একজন ভালো শিক্ষক হতে হলে আপনাকে একজন ভালো শিখনেও হতে হবে।
সাংবাদিক: শিক্ষক দিবসে একজন লেখক হিসেবে আপনার বার্তা কী?
লেখক: শিক্ষকরা জাতির মেরুদণ্ড। তাদের হাতে গড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্ম। আমি চাই তারা তাদের দায়িত্বকে শুধু পেশা নয়, বরং একটি আদর্শ হিসেবে গ্রহণ করবেন। একজন লেখক হিসেবে আমি শিক্ষকদের প্রতি সবসময় কৃতজ্ঞ। আমার লেখার মাধ্যমে আমি শিক্ষকদের সম্মান জানাই, যারা কেবল জ্ঞান বিতরণ করেন না, বরং সমাজের মূল্যবান নাগরিক তৈরি করেন। আমি আশা করি, তারা এই মহান দায়িত্ব আরও যত্নসহকারে পালন করবেন।
সাংবাদিক: ধন্যবাদ আপনার সময় এবং সুন্দর ভাবনার জন্য।
লেখক: আপনাকেও ধন্যবাদ।

